অবশেষে দেশে ফিরলেন ২৩ নারী-শিশু

ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি নারী-শিশু। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে।

পাচার হয়ে যাওয়া এসব নারী শিশুদের সাজার মেয়াদ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ১৪ জন নারী ও ৯ জন শিশুকে দেশে ফেরত আনা হয়। তাদের বাড়ি খুলনা, নড়াইল,যশোর, বাগেরহাট, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

কলকাতা দূতাবাসের ফাস্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন স্মৃতি জানান, পাচার রোধে দুই দেশের সরকার সার্বক্ষণিক যৌথভাবে কাজ করছে। পাচার রোধে সমাজের সব শ্রেণি পেশার মানুষের সহায়তা প্রয়োজন।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে গত সাড়ে ৩ বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। ভারতের কোলকাতা শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে।

পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে কলকাতা আদালত তাদের ৩ বছরের সাজা দিয়ে জেলে পাঠান। সাজার মেয়াদ শেষে সেখানকার সুকর্না, কিশোলয়া নামে ২টি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা নারী শিশুদের তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য যশোর জাস্টিস এন্ড কেয়ার, জেলা মহিলা আইনজীবী সমিতি, ও রাইটস যশোর তাদের শেল্টার হোমে রাখার জন্য থানা থেকে নিয়ে গেছেন।

Facebook Comments Box