খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয়

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়।

বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড কাজ করছে, তারা শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘণ্টা সভা করেছেন। সেখানে সব চিকিৎসকই বর্তমান অবস্থা, ঝুঁকি এবং সম্ভাব্য চিকিৎসা প্রক্রিয়া নিয়ে মতামত দেন।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব রকম যোগাযোগ রাখা হয়েছে। তিনি (খালেদা জিয়া) ফ্লাই করার মতো অবস্থায় এলে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, ‘হাসপাতালে নেতাকর্মীসহ বহু মানুষের ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে এবং এতে ম্যাডামসহ অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

তিনি অনুরোধ করে বলেন, ‘অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। সময়মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাবো।

এর আগে একইদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, দেশে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দিলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে।

পোস্টে আমিন লেখেন, ‘লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী।

নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এর আগে গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে চিকিৎসা ও বিশ্রামসহ ১১৭ দিন কাটিয়ে ৬ মে দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ারে যান তিনি। তারপর থেকেই তার অবস্থার অবনতি।

Facebook Comments Box