ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক টিম স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের ৬৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংগঠনিক টিমের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ ঢাকা বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠনের লক্ষ্যে গঠিত ৩, ৮ ও ৯নং টিমের মধ্যে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। তবে দায়িত্বপ্রাপ্ত অন্য ইউনিটগুলোর কার্যক্রম যথারীতি চলবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন। উক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মত বিনিময় এবং কমিটি গঠন প্রক্রিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সুপার ৫ নেতৃবৃন্দুদের তত্ত্বাবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে পূর্ণাঙ্গ কমিটি আছে তাদের দিয়ে টিম গঠনের মাধ্যমে করবেন।

জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর ঢাকার ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালযয়ে মতবিনিময় এবং কমিটি গঠনের জন্য ৩, ৮ ও ৯ নং টিমকে দায়িত্ব দিয়েছিল ছাত্রদল। আর এক বছরের মাথায় সাংগঠনিক টিমের কার্যক্রম স্থগিত করা হলো।

Facebook Comments Box