জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন। বিষয়টি নিশ্চিত করে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হলে আমাদের আপত্তি থাকবে না।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হবে, সে সব বিষয়ে জামায়াত গণভোট চায়। তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার ড. অজিত সিং।
মোহাম্মদ তাহের বলেন, বৈঠকে আমরা তাদের জানিয়েছি যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমরা মোট ৩০টি রাজনৈতিক দল আলোচনায় বসেছি এবং কয়েকটি বিষয়ে মোটামুটিভাবে সেখানে অগ্রাধিকার পাচ্ছে সেই সঙ্গে অগ্রগতিও হয়েছে। তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টিনের কথা বলেছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি। নারী আসনের বিষয়ে কথা হয়েছে। টোটাল নির্বাচন বিষয়ে জামায়াতে ইসলামী যে পিআর সিস্টেম চায়, সেটার বিষয়ে আমরা বর্ণনা করেছি। এর আগে রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরৈছেন, গত ১৩ জুন ইসরাইল ও যুক্তরাষ্ট্র ২১ জুন রাতে ইরানে অতর্কিতে হামলা চালিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এ জাতীয় হামলা আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও জাতিসঙ্ঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলা অযৌক্তিক ও অবৈধ। এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো বিশ্বাস করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অথচ ইরানের পরমাণু অস্ত্র বানানোর মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। মিথ্যা ও অনুমান নির্ভর তথ্যের উপর ভিত্তি করে ইরানের মত একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এই আগ্রাসী হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এর ফলে গোটা মধ্যেপ্রাচ্যে সঙ্ঘাত-সংঘর্ষ আরও বাড়বে। ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বেপরোয়া, অন্যায়, অযৌক্তিক ও আগ্রাসী হামলা বন্ধ করার লক্ষ্যে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসঙ্ঘসহ বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box