জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন করতে হবে বলে জানিযেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়। জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে জামায়াতের ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে বুধবার রাজধানীর পল্টনস্থ বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত, ও নোট দিয়েছেন উল্লেখ করে এসময় জামায়াতের নায়েবে আমির বলেন, সব কিছুর বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য প্রস্তুত ঘোষণা দিলেও বাস্তবে নির্বাচনের কোন পরিবেশ নেই। পরিবেশ থাকলে একটি রাজনৈতিক দলের প্রধানের একজন উপদেষ্টা পদে থেকে বলতে পারতো না, দাঁড়িপাল্লায় ভোট দিলে জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবে না! প্রকাশ্যে জনগণকে হুমকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার পরও তাকে কেন গ্রেফতার করা হয়নি প্রশ্ন রেখে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কার পক্ষে কাজ করছে জনমনে সংশয় তৈরি হয়েছে। কোনো দলের পক্ষ হয়ে কাজ করলে পরিণতি ভয়াবহ হতে পারে হুশিয়ারি করে তিনি নিরপেক্ষতার পরিচয় দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল সমাবেশের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এই কষ্ট দেশ ও জাতির আগামীর ভাগ্য নির্ধারনের জন্য, জামায়াতে ইসলামীর সকল কর্মসূচি দেশ ও জাতির স্বার্থে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করে তিনি বলেছিলেন, নির্বাচিত সরকার জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিবে! কারণ অন্তর্বর্তীকালীন সরকারের নাকি সাংবিধানিক সেই ক্ষমতা নেই! নূরুল ইসলাম বুলবুল প্রশ্ন রেখে বলেন, তাহলে কোন সাংবিধানিক ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করতেছে। বিশেষ কোনো রাজনৈতিক দলের আনুগত্য না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে। পিআর পদ্ধতি জামায়াতের রাজনৈতিক দাবি নয় উল্লেখ করে তিনি বলেন, এই দাবি প্রতিটি নাগরিকের মতামতের মূল্যায়নের জন্য। পিআর পদ্ধতিতেই জনগণের সরকার ও সংসদ গঠিত হয়। তাই পিআর পদ্ধতি সহ ৭ দফা দাবি মেনে নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে, বিজয়নগর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
















