লক্ষ্মীপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা মামাতো ফুপাতো বোন বলে জানা গেছে।
এ দিকে এ ঘটনার পর লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, মোটারসাইকেলে দুই ছাত্রী লক্ষ্মীপুর থেকে রায়পুরের কেরোয়া ইউনিয়নে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুই ছাত্রী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছাত্রীদের লাশ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে এ ঘটনায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয় বলে জানান ওসি।
সবারবাংলা/এসআই















