সংবাদ সম্মেলনে বিআইপি
বসবাস উপযোগিতার বিবেচনায় ঢাকার অবস্থান তলানিতে

ড্যাপ নিয়ে স্বার্থান্বেষী মহলের রাজনৈতিক হাতিয়ার বানানোর পরিকল্পনা পূর্বেও ছিলো এখনো আছে। বসবাস উপযোগিতার বিবেচনায় ঢাকার অবস্থান তলানিতে। এ অবস্থায় স্বার্থান্বেষী মহলের কথায় ড্যাপ বাতিল বা স্থগিত করা হলে তা এই শহরের জন্য আত্মঘাতী হবে। ড্যাপের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতিগুলো পরিমার্জন করা যেতে পারে। রাজউকের বিদ্যমান দুর্বল প্রশাসন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর চাপে পড়ে নমনীয় হবার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, যা টেকসই নগর গড়বার লক্ষ্যকে বিপর্যস্ত করবে। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র উদ্যোগে রাজধানীর বাংলামটরস্থ প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স পরিকল্পিত ও বৈষম্যহীন উন্নয়ন এবং টেকসই পরিকল্পনা চর্চায় স্বার্থান্বেষী মহলের আগ্রাসন’একটি শীর্ষক সংবাদ সম্মেলনে উপরোক্ত মতামতগুলো উঠে আসে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা এবং প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রিহ্যাব ও স্থপতি ইনস্টিটিউট এক সুরেই বলছে, এ ড্যাপ বিগত সরকারের আমলে প্রণীত এবং বৈষম্যমূলক, তাই এর সংস্কার প্রয়োজন, এটা বাতিল করতে প্রধান উপদেষ্টাকে জানাতে হবে। স্বার্থগোষ্ঠী নিজের স্বার্থে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে কিভাবে নিজের রুপ ক্ষণে ক্ষণে বদলাতে পারে, সাম্প্রতিক সময়ে উপরোক্ত মহলের ড্যাপ বাতিলের দাবী এক জাজ্বল্যমান উদাহরণ।

এই অবস্থায় বিদ্যমান ড্যাপ বাতিল করে আগের ড্যাপ এবং ইমারত নির্মাণে ফিরে গেলে ঢাকার বাসযোগ্যতার আরও কমে যাবে। রাজউকের স্থপতি ও প্রকৌশলীদের একটি গ্রুপও ড্যাপের বিরোধিতা করছে। এর পেছনে স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদির সম্পৃক্ততা খতিয়ে দেখা প্রয়োজন।

অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ড্যাপে বন্যা প্রবাহ এলাকা ও কৃষি জমি সংরক্ষণ এবং মিশ্র ব্যবহারের অতিরিক্ত সুযোগ বাতিল – প্রভৃতি সুস্পষ্ট দাবীর ব্যাপারে বিআইপি ইতিপূর্বেই দাবী করে এসেছে এবং এই দাবীসমূহের প্রতি সুস্পষ্ট অবস্থান পূনর্বার ব্যক্ত করছে। আমরা মনে করি আবাসন ব্যবসায়ীসহ স্বার্থান্বেষী মহলের চাপেই ড্যাপে উপরোক্ত প্রস্তাবনাসমূহ অন্তর্ভুক্ত হয়েছে। ড্যাপ পূনর্মূল্যায়নে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে পরিবেশ-প্রতিবেশ, জলাশয়-জলাধার, কৃষিভূমি-জলাধার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। কিন্তু ঢালাওভাবে ড্যাপ বাতিলের দাবী অত্যন্ত দুরভিসন্ধিমূলক এবং পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এর সুস্পষ্ট প্রতিবন্ধকতা তৈরি করবে। আবাসন ব্যবসায়ীরা কেবল উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট তৈরী করেন,কালো টাকা সাদা করার জন্যে আবাসনের কৃত্রিম চাহিদা বাড়ছে বলে মন্তব্য করেন পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন। পরিকল্পনাবিদ সালমা এ. শফি বলেন, আজকাল ঢাকা শহরে অনিয়ন্ত্রিতভাবে অনেক ভবন নির্মাণ হচ্ছে, এর জন্য ভূমি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। জনগণের স্বল্প আয়ের আবাসন প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

প্রকৌশলী আবু সাদেক বলেন,পরিকল্পনবিদরাই পরিকল্পনা করবে। আর যারা পেশাদারীত্বের বাইরে নিজেকে পরিকল্পনায়যুক্ত করেছে তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মনে করেন। দুর্বৃত্তরা যদি কোন পরিকল্পনার পক্ষে থাকে তাহলে তা আম-জনতার পক্ষে নয়। বর্তমান অন্তরবর্তীকালীন সরকার এসট্যাবল না হতেই ড্যাপ বাতিল চাওয়া ষড়যন্ত্রের প্রচেষ্টা। এই ষড়যন্ত্র মোকাবেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেযুক্ত ছাত্র-জনতাকে পাশে থাকার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধি ছাত্রআন্দোলনের ছাত্রনেতা সাজিদ ইকবাল, ছাত্রনেতা ইয়াসির আমিন, বিআইপির কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান, বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন প্রমূখ।

Facebook Comments Box