এক কোটি ২ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও রোমানা আফরোজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে চরফ্যাশন উপজেলা প্রশাসন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ জানান, সরকারি নির্দেশনা ও নির্ধারিত কারিগরি মান অনুসরণ করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করায় বরাদ্দের পুরো অর্থ ব্যয় না করেই কাজ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’-এর আওতায় চরফ্যাশন উপজেলার সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়নের সময় সরকারি নির্দেশনা ও অনুমোদিত নকশা অনুসরণ করা হলেও মাঠপর্যায়ের বাস্তব অবস্থার কারণে খালের কয়েকটি অংশে প্রাক্কলনের তুলনায় কম প্রস্থ ও গভীরতায় খনন করতে হয়। ফলে নির্ধারিত কারিগরি মান বজায় রেখেই বরাদ্দের পুরো অর্থ ব্যয় না করে কাজ শেষ করা সম্ভব হয়। অব্যয়িত ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট থাকায় স্থানীয় মানুষ জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন। পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে খালটি পুনঃখনন করা হয়েছে।

তিনি বলেন, “সরকারি অর্থের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে অব্যয়িত পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
স্থানীয় বাসিন্দাদের আশা, খালটি পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে পানিনিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে। একই সঙ্গে এলাকার পরিবেশ ও জলপ্রবাহ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

Facebook Comments Box