নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা প্রণয়ন জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে জনআস্থা বাড়াতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বাজেট অনুমোদনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট দফতর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশ দিতে বলেন। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













