ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বস্তি এবং মার্কেটে আগুন নেভাতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে বলে জানিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ২০২১ সালে যখন সাততলা বস্তিতে আগুন লাগে, তখন আমি বলেছিলাম এখানে ফায়ার হাইড্রেন্ট বসাতে হবে। যেকোনো ঘনবসতিপূর্ণ এলাকায় ফায়ার হাইড্রেন্ট বসাতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থার আওতায় ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাততলা বস্তি দিয়ে ফায়ার হাইড্রেন্ট শুরু হয়েছে উল্লেখ করে মেয়র আরো বলেন, পর্যায়ক্রমে অন্য বস্তিতেও বসানো হবে। ফায়ার হাইড্রেন্টে ৬০ হাজার লিটার পানি থাকবে। এই পানি অন্তত ৪০ মিনিটের জন্য ফায়ার সেফটি করতে পারবে। ৪০ মিনিট যদি আমরা টিকে থাকতে পারি, আর রাস্তা যদি খালি থাকে তাহলে কোন ক্ষতি হবে না। সাততলা বস্তি ফায়ার সেফটির জন্য একটি মডেল। পর্যায়ক্রমে অন্য বস্তি গুলোতেও ফায়ার হাইড্রেন্ট বসানো হবে।
মেয়র বলেন, জনবসতি জায়গায় ফায়ার হাইড্রেন্ট লাগবে, ফায়ারড্রিল লাগবে। আগুন লাগলে কারা ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করবে সেই ভলেন্টিয়ার লাগবে। আমরা সাততলা বস্তিতে ১৭জনকে প্রশিক্ষণ দিয়েছি। এই সতেরো জন স্বেচ্ছাসেবক এটি ব্যবহার করবে। তারা অন্যদের শিখিয়ে দিবে।
ডিএনসিসির আওতাধীন মার্কেটগুলোতেও ফায়ার হাইড্রেন্টসহ সব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে জানিয়ে মেয়র আরো বলেন, মহাখালী কাঁচাবাজারকে মডেল হিসেবে নির্মাণ করা হবে। এর আলোকে অন্য সব মার্কেটে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে। আগুন লাগলে মোবাইলে সেলফি না তুলে রাস্তা খালি করার আহবান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, সম্প্রতি গুলশানে আগুন যখন লাগলো সবাই দেখি সেলফি তুলছেন, রাস্তা তখন বন্ধ। রোড ব্লক করে দিয়ে বলছেন দেখি না কি হয়। দেখি না কি হয় ভাববার সময় তখন না। আগুনে যারা আটকা পরেছেন তাদের উদ্ধারে আশপাশের ছোট রোড খালি করে দিতে হবে।
ইউএনডিপি’র এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র নির্বাহী পরিচাল ড. দিবালোক সিংহ, ওয়াটার এইড বাংলাদেশ প্রোগ্রাম এন্ড পলিসি এডভোকেসি পার্থ হেফাজ শাইখ, জাতিসংঘ কর্মসূচি বাংলাদেশ ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধ ভ্যান নুয়েন, ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির, সংরক্ষিত আসনের কাউন্সিল আমেনা বেগম প্রমুখ।
















