সময়ের সাথে আইন পরিবর্তনশীল

সময়ের সাথে আইন পরিবর্তনশীল বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সোমবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত সকল জেলা পরিষদ চেয়ারম্যানদের জন্য এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এ কথা বলেন। অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

কর্মশালার সূচনা বক্তব্যে মন্ত্রী বলেন, তিনি বলেন, আইনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হবে। এ ধরনের কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হবে যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকে আরেক ধাপ এগিয়ে নেবে।

তিনি বলেন, এ কর্মশালার মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানগণ তাদের আইনের পরিধি এবং এখতিয়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন যার ফলে জেলা পরিষদ আরও শক্তিশালী হবে। তিনি আরো বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানগণ আইনের বিধি-বিধানগুলো এ কর্মশালার মাধ্যমে জানবেন এবং সে অনুযায়ী মানুষকে সেবা দিবেন বলেও তিনি প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, আইনের মাধ্যমে জেলার পরিষদের চেয়ারম্যানগণ ক্ষমতায়িত হয়েছেন আবার আইনের ভিতরে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।

এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যানগণকে পরিষদের সকল সদস্যদের নিয়ে জেলার উন্নয়ন কাজে মনোযোগ দেওয়ার আহবান জানান। তিনি বলেন, জেলা পরিষদকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্থানীয় সরকার মন্ত্রী উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা পরিষদের চেয়ারম্যানগণকে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box