নিষ্ক্রিয় জেলা পরিষদকে সক্রিয় করা হয়েছে হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, এতে সুযোগ-সুবিধার বিভিন্ন ঘাটতি এখন আমাদের নজরে আসছে, চেষ্টা করা হবে সব সমস্যারই আস্তে আস্তে সমাধান করার জন্য। গতকাল বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়াম, ঢাকায় বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ বলেন।
স্থানীয় সরকার ব্যবস্থার সাথে প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহ্যবাহী জেলা পরিষদকে কার্যকর করার জন্য আইন ও বিধিমালাতে সংশোধন এনেছেন। জেলা পরিষদের সদস্যদের স্থানীয় জনগণের সমস্যার সমাধানের পথ এতে সুগম হয়েছে। জেলা পরিষদের প্রত্যেকটি সদস্যই স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দান করেন। তাজুল ইসলাম বলেন, আপনাদের সকল সমস্যা রাতারাতি সমাধান করা না গেলেও স্থানীয় সরকার বিভাগ অত্যন্ত আন্তরিকতার সাথে পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবে। ভুলে গেলে চলবে না আপনারা জনপ্রতিনিধি, জনগণের সমস্যার সমাধানের জন্যই আপনারা দায়িত্ব¡ গ্রহণ করেছেন। এ সময় মন্ত্রী জেলা পরিষদের সদস্যদেরকে অন্যান্যদের মাঝে দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টির চেয়েও দেশের কল্যাণে কতটুকু কাজ করতে পারছি সেটাই আমাদের চিন্তা হওয়া উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ধারায় বাংলাদেশকে নিয়ে গেছেন তাতে ধীরে ধীরে জেলা পরিষদের সদস্যদের আরো ক্ষমতায়ন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে সবকিছুর উপর জনগণের কল্যাণকেই আপনাদের অগ্রাধিকার দিতে হবে। এ সময় জেলা পরিষদের সদস্যদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে জেলা পরিষদের সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে কারণ বিএনপি-জামাত দেশে আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার কলুষিত করার সমস্ত দায়ভার বিএনপির। সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব ড. আমিনুর রহমান, সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বাবুল মিয়া, সঞ্চালনা করেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বি. এম তৌফিক ইসলাম।















