ভারতে মিলিত হলেন ব্রিকস নেতারা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সদস্য দেশগুলোর নেতারা বৈঠকে মিলিত হন। এবারের ব্রিকস সম্মেলন এমন সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বৈশ্বিক এজেন্ডাকে পরিবর্তন করে দিয়েছে। অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে।

অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। একইসঙ্গে জ্বালানি তেলের দাম হয়েছে চড়া। আর এ যুদ্ধের কারণে জ্বালানি অনিশ্চয়তা, বাণিজ্য অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতিও হয়েছে। এসব বিষয় এবারের ব্রিকস সম্মেলনে অন্যতম আলোচনার বিষয় থাকবে।

আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ইতিবাচক ও অর্থবহ’ আলোচনার আশা প্রকাশ করেন।

অপরদিকে চীন জানিয়েছে, ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে সংলাপকে প্রমোট ও আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে থাকা সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে কথা বলবে তারা। এরসঙ্গে যৌথভাবে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি রক্ষায় কাজ করবে।

ব্রিকসের ১৮তম সম্মেলনে ১১টি দেশের নেতা ও উচ্চপদস্থরা যোগ দিয়েছেন। এতে আছেন প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতারা। আর নতুন সদস্য মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিনিধিরা।

এরমধ্যে উল্লেখযোগ্য হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ এল সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সম্মেলনের শুরুতে এসব নেতা একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। যেটির প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভূক্তিমূলক বৈশ্বিক শাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ’।

Facebook Comments Box