আরও ৩ রুটে ঢাকা নগর পরিবহন চালু হচ্ছে

আরও ৩ রুটে ঢাকা নগর পরিবহন চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ঢাদসিক) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর হতে নগরীর ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথে ঢাকা নগর পরিবহনের আওতায় ২০০ নতুন বাস চালু করা হবে। মঙ্গলবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এ তথ্য জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আমরা নতুন তিনটি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম উল্লেখ করে এসময় মেয়র আরো বলেন, এই তিনটি যাত্রাপথেই আবেদন পেয়েছি। সেই আবেদনগুলোসহ বিআরটিসি’র আবেদন পর্যালোচনা করেছি। নতুন তিনটি যাত্রাপথের মধ্যে ২২ নম্বর যাত্রাপথে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাস চালুর প্রস্তাব পেয়েছি। তাদের আবেদন গ্রহণ করেছি। একইভাবে ২৩ নম্বর যাত্রাপথে হানিফ এন্টারপ্রাইজ ২০২২ সালে নতুন নির্মিত ১০০টি বাস চালুর আবেদন করেছে। সেটাও গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।

২৬ নম্বর যাত্রাপথে বিআরটিসি’র আবেদনের প্রেক্ষিতে তাদের ৫০টি ডাবল ডেকার বাস দিয়ে চালু করা হবে। আগামী পহেলা সেপ্টেম্বর ২০২২ সালের মধ্যেই এই বাসগুলো নির্মিত হবে, আমাদের সকল অবকাঠামো নির্মাণও সম্পন্ন হবে। ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত হলো ২২ নম্বর রুট। ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, কলাবাগান, সায়েন্সল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়ের বাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগাং রোড পর্যন্ত রুটটি হলো ২৩ নম্বর রুট। ২৬ নম্বর রুট হলো- ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত। সভায় কমিটির সভাপতি ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিয়া, সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box