সবারবাংলা প্রতিবেদক
নগরবাসী ঘরে বসেই নিজের ট্যাক্স প্রদান করতে পারবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, আমরা ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি।
রোববার গুলশান-২ এ (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি এবং নগদ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে মেয়র এ কথা জানান। ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে উল্লেখ করে মেয়র আরো বলেন, প্রতিদিনই ই-সেবার ক্ষেত্র ও পরিসর বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়ত অটোমেশনের পরিধি বাড়ছে।
সেই ধারাবাহিকতায় ডিএনসিসি একটি পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মাধ্যম নগদ। আজ ডিএনসিসি ও নগদের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আমি নগদকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই ডিএনসিসির রাজস্ব বিভাগকে রেভিনিউ অটোমেশনের কাজটি বাস্তবায়নের জন্য।
সবারবাংলা/এসআই















