নারায়ণগঞ্জে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে যা আন্তর্জাতিক মহল সরাসরি প্রত্যক্ষ করেছে। সোমবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ইভিএমে কারচুপির বিষয়ে পরাজিত প্রার্থীর অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, পরাজিত হলে প্রার্থীরা এমনটা বলেই থাকেন। ইভিএমে নির্বাচন হলে কারচুপি করার সুযোগ নেই। এ কারণেই এ পদ্ধতির গ্রহণযোগ্যতা বেশি। ভোট চলাকালীন কিছু টেকনিক্যাল সমস্যা হতেই পারে। এটা শুধু আমাদের দেশেই হচ্ছে এমন না।

সারা বিশ্বেই এই ত্রুট দেখা দেয়। এটা কোনো অভিযোগের ভিত্তি হতে পারে না। সব নির্বাচন ইভিএমে করা প্রসঙ্গে মো. তাজুল ইসলাম বলেন, সরকার চাইলে সারাদেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারতো কিন্তু সেটা করছে না। কারণ ইভিএম একটি নতুন পদ্ধতি। যেকোন নতুন পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জিং হয়। পৃথীবির সব দেশেই এ সমস্যা আছে। আমেরিকায় ও ভারতের ইলেকশনেও কিছু কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। সময়ের ব্যবধানে সমস্যা সমাধান হবে। এখন সেজন্য ইচ্ছা করলেই সরকার দেশে একসাথে ইভিএম আরম্ভ করতে পারবে না। এটা এডোপটোশনের জন্য সময় লাগে। টেকনোলজি পরিচালনা এবং ব্যবহার করার জন্য মানুষকে উপযোগী করে তুলতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতের প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করছে। প্রতিযোগীতামূলক নির্বাচন হচ্ছে। কোথাও কোথাও নিজেদের প্রার্থীকে জেতাতে গিয়ে বিবাদের ঘটনা ঘটে, এতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা আমাদের কাম্য না। এ ধরনের দুর্ঘটনা শুধু বাংলাদেশের নয় পার্শ্ববর্তী দেশসহ সারা বিশ্বে দৃষ্টান্ত রয়েছে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর সাথে পৃথিবীর প্রায় সকল দেশের সাথে ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে প্রতিদিনই আমাদের কাছে কিছু বিদেশি সংস্থা ও উন্নয়নসহযোগীরা আসেন। তারা বিভিন্ন সময় আমাদের প্রস্তাব দেয়। কিন্তু আমাদের ও দেশের জন্য যেটা কল্যাণকর ও উপকারী সেগুলো আমরা গ্রহণ করি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box