দেশের সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভার সড়ক আইডিভুক্ত না করলে সংস্কারে অর্থ বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সিটি কর্পোরেশন এবং পৌরসভার রাস্তা দ্রæত আইডিভুক্ত করার প্রক্রিয়া নির্ধারণ করতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করে এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলেন মন্ত্রী। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সিটি কর্পোরেশন ও পৌরসভার অধিক্ষেত্রে বিদ্যমান রাস্তাসমূহের বিপরীতে পরিচিত নম্বর প্রদান সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার রাস্তাগুলো আইডিভুক্ত না থাকায় অনেক জায়গায় একই রাস্তায় একাধিকবার কাজ করা হয়। একবার প্রজেক্ট থেকে অন্যবার তাদের নিজস্ব ফান্ড থেকে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। একবছর পরে আবার রক্ষণাবেক্ষণ করতে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। এতে করে একদিকে যেমন অর্থ অপচয় হচ্ছে অন্যদিকে অব্যবস্থাপনা থাকায় অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
রাস্তাগুলোর কোনো রেকর্ড না থাকায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সকল রাস্তার আইডি নম্বর করতে পারলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাজেট নির্ধারণ করা সহজ হবে। একই রাস্তার দুইবার কাজ করার সুযোগ থাকবে না।
তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি অত্যন্ত সফলতার সাথে রাস্তার আইডি নম্বর নির্ধারণ করছে। প্রাথমিক অবস্থায় এই প্রতিষ্ঠানটিও কিন্তু সারা দেশে একযোগে কাজ শুরু করতে পারেনি। রাস্তার উন্নয়ন কাজ করতে গিয়ে সেই রাস্তাকে আইডিভুক্ত করেছে। আইডিভুক্ত না হওয়া পর্যন্ত তারা উন্নয়ন কাজের জন্য বিবেচনায় নেননি। সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা উত্তর-দক্ষিণ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সবারবাংলা/এসআই
















