নাদিমম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে প্রকাশ্যে কুপিয়ে জখমকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা। রোববার দক্ষিণ আইচা বাজারে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে এ জখমের ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা চর মানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারও গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা দুজনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন।

বর্তমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অনেকে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে চরফ্যাশন সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, বিএনপি নেতা রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জখম করার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উপজেলাজুড়ে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
















