মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে বাংলাদেশ। তবে এখনো চুক্তিতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে যোগদানের সিদ্ধান্ত হয়নি। সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। চুক্তির সদস্যরা বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
মক্কা চুক্তিটি মূলত পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে করা হয়েছে। চুক্তির আওতাভুক্ত তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় এবং দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কারও আপত্তিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তিতে যোগদানের আগে এর উদ্দেশ্য, সদস্য দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়গুলো বিবেচনা করা হবে। ফলে মক্কা চুক্তিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।

Facebook Comments Box