দুর্নীতিবাজদের ভোট দিলে তাদের অপকর্মের ভোগান্তি জনগণের ওপর পড়বে

দুর্নীতিবাজদের ভোট দেওয়া হলে তাদের সকল অপকর্মের ভোগান্তি জনগণের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষ সদস্য, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের অপকর্ম থেকে রক্ষা করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নিজের ভোটের হিসাব প্রশাসন থেকে বুঝে নিতে হবে। সোমবার ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার রুহিয়া ইউনিয়নে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা জনগণকে ভয় পায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা সৃষ্টি করে উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী সভা-সমাবেশে ও উঠান বৈঠকে জনগণক অংশগ্রহণ করলে ভয়-ভীতি দেখায়। তারা বুঝে গেছে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও বাসী সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, দখলদারিত্বের প্রতিবাদে তাদেরকে বয়কট করে দাঁড়িপাল্লা মার্কাকে নির্বাচিত করবে। এজন্যই দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সভা-সমাবেশ ও উঠান বৈঠকে বাধা দিচ্ছে এবং ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। কিন্তু তারা জানে না, কোনো বাধা, প্রতিবন্ধকতা দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না। কারণ জনগণই দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ভোটের মাঠে নেমে পড়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আমরা আর ঠাকুরগাঁওয়ে নতুন করে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। অন্যায়ের প্রতিবাদ হিসেবে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। জুলুমের বিরুদ্ধে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। ইনসাফের ঠাকুরগাঁও গঠন করার জন্য দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। এক পরিবারের হাতে জিম্মি জনগণের মালিকানা পুনরুদ্ধারে দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নিজের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। রুহিয়া উপজেলা আমীর আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব বজলুর রহমান। এসময় রুহিয়া ইউনিয়ন ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box