নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইঞ্জি. ইখতিয়ার উদ্দিন মো: মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, ঢাকাস্থ চরফ্যাশনের বিশিষ্টজনেরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চরফ্যাশন শুধু একটি উপজেলা নয় এটি উপকূলীয় বাংলাদেশের সংকট সম্ভাবনা আর সংগ্রামের প্রতিচ্ছবি। একদিকে অপার প্রাকৃতিক সৌন্দর্য, অপরদিকে নদীভাঙন, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন আর অব্যবস্থাপনার যাঁতাকলে নিষ্পেষিত জনজীবন। তাই, উন্নয়নের সঠিক পরিকল্পনা, স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং অংশগ্রহণমূলক প্রশাসন এখন সময়ের দাবি।
সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, এ সমিতির মূল লক্ষ্যে চরফ্যাশনের মানুষের সুখে দুঃখে পাশা থাকা। ফলে সমিতিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া, ঐক্যবদ্ধভাবে টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো, প্রযুক্তি নির্ভর প্রশাসন ও নারীবান্ধব অর্থনীতির মডেল গড়ে তুলতে পারি, তবে চরফ্যাশন হবে উপকূলীয় বাংলাদেশের অগ্রযাত্রার বাতিঘর।















