চরফ্যাশনে ইউপি সদস্যের পুকুরের মাছ লুট ও গাছপালা কাটার অভিযোগ

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য সফিজল হকের পুকুরের মাছ লুট ও বসতবাড়ির বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিরাজ পাটোয়ারীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মারধর, নগদ টাকা, মোবাইল ফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য।
ইউপি সদস্য সফিজল হক মৃত সুলতান আহমেদ পাটোয়ারীর ছেলে। তাঁর অভিযোগ, গত কাল সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সিরাজ পাটোয়ারীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তাঁর নিজ বাড়িতে প্রবেশ করে।
এ সময় অভিযুক্তরা বাড়িতে থাকা আকাশমনি, মেহগনি, চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাঁর পুকুরের মাছ লুট করার অভিযোগও তোলেন সফিজল হক।
অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় বাধা দিতে গেলে সফিজল হককে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র, লাঠি ও লোহার রড প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সিরাজ পাটোয়ারীসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য।

Facebook Comments Box