জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা হলে নাগরিকদের সেবা প্রাপ্তি সহজ ও ভোগান্তিমুক্ত হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার নানাস্তরে জনগণের জন্য নানা ধরনের সেবা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে। এই সেবা প্রাপ্তি জনগণের অধিকার। সেবা গ্রহণের ক্ষেত্রে কখনো কখনো জনগণ নানা রকম ভোগান্তির শিকার হয়। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের অংশ হিসেবে শনিবার ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এ স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিয়ে এক ছায়া সংসদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক অনুষ্ঠানটি আয়োজন করে। “স্থানীয় সরকারের ক্ষমতায়ন নাগরিক অধিকার নিশ্চিত করছে” শীর্ষক ছায়া সংসদে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
একসময় পৃথিবীতে নানা রকমের শাসনব্যবস্থা ছিল উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কখনো রাজ ব্যবস্থা, কখনো জমিদার ব্যবস্থা কিংবা জোর করে দখলদারিত্বের মাধ্যমে পৃথিবী শাসিত হয়েছে। তবে বিভিন্ন শাসনব্যবস্থা পার হয়ে আধুনিক বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে পৃথিবীর অধিকাংশ মানুষ রায় দিয়েছে কারণ শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোন দেশ ও জাতির উন্নয়ন দ্রুততর হয়। ছায়া সংসদের সরকারি দল ও বিরোধীদলের বিতার্কিকদের যুক্তি তর্ক অত্যন্ত মনোযোগ সহকারে শুনে মন্ত্রী বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এখানে নানা মত ও পথের মানুষ থাকবে। যুক্তির জয়ের মাধ্যমেই গণতন্ত্র তার পথ খুঁজে নেয়। তিনি উভয় পক্ষের বিতার্কিকদের সুন্দর যুক্তি তর্ক উপস্থাপনের জন্য অভিনন্দন জানিয়ে বলে, এ ধরনের চমৎকার একটি বিতর্কের পরিবেশে উপস্থিত হতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি মনে করি উপস্থিত এই শিক্ষার্থীরাই একদিন যুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে অগ্রণী ভ‚মিকা পালন করবে।
এ সময় সাংবাদিকদের পক্ষ হতে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে পর্দার আড়ালে কোন রাজনৈতিক সংলাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মোঃ তাজুল ইসলাম বলেন, যেকোনো আলোচনায় একটি বিষয়বস্তু বা ট্রামস অফ রেফারেন্স নির্দিষ্ট করতে হয়। বাংলাদেশের মানুষ তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থার তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যায়নি। সঠিক বিষয়বস্তু ঠিক করা গেলে তা নিয়ে আলোচনা হতেই পারে তবে নির্বাচন পদ্ধতি নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। এদিকে, শনিবার বিকালে সাভার গলফ ক্লাবে জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড ন্যাশনস্ এসোসিয়েশন এর আয়োজনে “জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ-২০২৩” সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে টেকসই পৃথিবীর জন্য সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ছায়া জাতিসংঘ মডেলে সম্মেলনের প্রশংসা করে বলেন, এ ধরনের প্লাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্মার্ট বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। সম্মেলন শেষে সাংবাদিকদের আমেরিকার ভিসা নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোঃ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের নির্বাচন পদ্ধতি আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে। কোন দেশের ভিসা নীতি তাদের নিজস্ব ব্যাপার এবং আমাদের এখানে নির্বাচন কিভাবে হবে তা আমাদের ব্যাপার। এ সময় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানের পাশাপাশি সকলের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করনের উপর গুরুত্ব আরোপ করেন।
















