জ্বালানী সাশ্রয়ে অনলাইন ক্লাসে যাচ্ছে জবি

রিয়াজ হাসনাইন, জবি

বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এখন থেকে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে লিফটের ব্যবহার সীমিত করা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত রাখার মতো সিদ্ধান্ত হয়েছে। যেদিন অনলাইন ক্লাস চলবে সেদিন নতুন অ্যাকাডেমিক ভবনে কেবল একটা লিফট চালু থাকবে। তবে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও দপ্তর খোলা থাকবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক প্রবাসীর দিগন্তকে এ তথ্য জানিয়েছেন। জ্বালানি সাশ্রয়সংক্রান্ত একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দরের ঊর্ধ্বগতি ও প্রাপ্যতা সংকটের মধ্যে গত ১৯ জুলাই থেকে সরকার ঘোষণা দিয়ে লোডশেডিং শুরু করেছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে নানা ধরনের কৌশল গ্রহণ করেছে, যার মধ্যে আছে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত করা, পাশাপাশি তাপমাত্রা ২৫-এর নিচে না নামানো।

এর মধ্যে প্রথমবারের মতো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে এক দিন সশরীরে ক্লাস বন্ধের মতো সিদ্ধান্ত এলো।

জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘অন্য দিন বিদুৎ সাশ্রয়ের জন্য প্রতি বিভাগে মনিটরিং টিম গঠন করা হবে, যাতে অপচয় রোধ করা যায়। আর এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।’

উপাচার্য বলেন, যেদিন অনলাইন ক্লাস চলবে সেদিন নতুন একাডেমিক ভবনে কেবল একটি লিফট চালু থাকবে। তবে অনলাইন ক্লাসের দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও দপ্তর চালু থাকবে বলেও জানিয়েছেন উপাচার্য।

Facebook Comments Box