নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন, ভোলা :
টানা পাচঁদিনের বৃষ্টিতে চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চলের বেশির এলাকায় জলাবদ্ধতায় মৎস্যসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। গত শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। থেমে থেমে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় চরফ্যাসনের প্রায় প্রতিটি ইউনিয়নে চাষ হওয়া সবজি ও আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে, চলে গেছে মৎস্য চাষীদের হাজার হাজার মাছ।এতে বিপাকে পড়েছেন কৃষক ও খামারীরা।একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে জমিতে জমে থাকা পানিতে ফসল পঁচে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা।
কৃষকরা জানান, গত পনেরো দিন আগে জমিতে ৫২ জাতের আমন ধানের বীজ বপণ করেছেন। কয়েক দিনের টানা বৃষ্টিতে বীজতলা পানিতে তলিয়ে গেছে। এতে বেশির ভাগ বীজ নষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন।
এছাড়া বীজতলা নষ্ট হয়ে গেলে পুনোরায় বীজ রোপন করতে হলে তাঁদের উচ্চ দামে বীজ কিনে খেতে রোপণ করতে হবে। এতে চরম লোকসানে মুখে পরবেন কৃষকরা।
অন্যদিকে একই এলাকার মৎস্য চাষীরা জানান, টানা ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে এলাকার প্রতিটি মাছের খামার ডুবে মাছ চলে গেছে এতে প্রত্যেক মৎস্য চাষীদের লাখ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে দুঃশ্চিতায় আছেন তারা।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সানাউল্লাহ আজম জানান, টানা কয়েক দিন বৃষ্টি হওয়াতে ফসলি জমি, ধানের বীজতলা ও খামার তলিয়ে গেছে। এতে ধান ফসলের তেমন কোন ক্ষতি হবে না কারন ৫২ জাত ১২ থেকে ১৫ দিন পানির নিচে থাকলেও ফসলের কোন ক্ষতি নেই। এই মূহূর্তে কৃষকরা যাতে সচেতনতার সাথে তাদের জমির পানি সেচ এর মাধ্যমে সরিয়ে ফেলার ব্যবস্থা করেন সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন কৃষি অধিদপ্তর।















