চট্টগ্রামে দুই বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগে সৎবাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ইয়ামিন (২৪) শিশুটির মায়ের তৃতীয় স্বামী। ইয়ামিনের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি নগরীর আকমল আলী রোডে ভাড়া বাসায় থাকতেন। রোববার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা।
পুলিশ জানিয়েছে, রওশন আরা বেগমের আগের সংসারের ছেলে ওমর ফারুককে সহ্য করতে পারতেন না সৎবাবা ইয়ামিন। গত বুধবার রওশন কাজে যাওয়ার পর ইয়ামিন শিশুটির গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিলেন। পরদিন দেয়ালের সঙ্গে শিশুটিকে ধাক্কা দিলে তার মাথার পেছনে গুরুতর আঘাত হয়। ওই দিন বিকালে রওশন আরা বাসায় ফিরে সন্তানকে অজ্ঞান অবস্থায় দেখেন। এ সময় ইয়ামিনকে সঙ্গে নিয়ে শিশুটিকে প্রথমে মা ও শিশু হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুক্রবার রাতে বেসরকারি হলি হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শনিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ইয়ামিনকে গ্রেফতার করে পুলিশ।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন বলেন, শিশু ওমর ফারুক রওশন আরা বেগমের দ্বিতীয় সংসারের ছেলে। ইয়ামিন যে ওই শিশুকে সহ্য করতে পারতেন না, সেটি রওশন জানতো না। ছেলেকে ইয়ামিনের কাছে রেখে রওশন গার্মেন্টসে চলে যেতেন। একপর্যায়ে শিশুটিকে দেয়ালে আছড়ে মেরে ফেলেন ইয়ামিন। এ ঘটনায় রওশন আরা ইয়ামিনকে আসামি করে থানায় মামলা করেছেন।
















