জনপ্রত্যশার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগস্টের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতিকে আজীবনের জন্য কবর দিতে হবে। সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত এবং সন্ত্রাস, দুনির্িত ও লুটতরাজ বন্ধ করতে হবে। বিরোধী মত দমন পীড়নের রাজনীতিকে বিদায় দিয়ে সুহার্দ্যপূর্ণ রাজনীতি চালু করতে হবে। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের সিটি কর্পোরেশন মার্কেটস্থ আইএবি মিলনায়তনে রাজশাহী মহানগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ নূরুননাবী। বক্তব্য রাখেন জেলা সভাপতি হাজী ফয়সাল হোসেন মনি, মাওলানা মুরশেদ আহমদ ফারুকী, মোহাম্মদ আব্দুল্লাহ সুজন, ইঞ্জিনিয়ার মো. ইসহাক।
বর্তমান সরকার জুলাই সনদের সবকিছু অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ওয়াদা করেছিলেন উল্লেখ করে আবদুল কাইয়ূম আরও বলেন, আশা করি তিনি তার ওয়াদা পালন করবেন।
তিনি বলেন, সমকামীতাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে। সমকামীতা আল্লাহর এক গজবের নাম। বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে সমকামীতাকে অবিলম্বে রুখে দিতে হবে। যারা জড়িত হবে প্রমাণ পায়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শূরা অধিবেশনে রাজশাহী মহানগর সভাপতি হিসেবে প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ সুজন নির্বাচিত হন এবং রাজশাহী জেলা সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ ফয়সাল হোসেন মনি ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক নির্বাচিত হন। পরে প্রধান অতিথি তাদেরকে শপথবাক্য পাঠ করান।
















