বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রী বলেন, তার প্রকৃত চিত্র এখনও আমরা জাতিকে পুরোপুরি বোঝাতে পারিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং অতীতের লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না।
খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো, নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে আজ ব্যাংকিং খাতের এই করুণ দশা। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত। এছাড়া বিদ্যুৎ খাতে ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যারা ফেক নিউজ করছে তাদের কিভাবে থামানো যায় সে বিষয়ে সরকার কাজ করছে।
নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলেও জানান তিনি। গ্রহণযোগ্যতা গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপই করছে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এই কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি না।
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
মন্ত্রী বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণতা। ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
ফ্যাসিস্ট সরকার ব্যাংকিং খাতে ভয়াবহ লুটপাট চালিয়েছে
Facebook Comments Box
















