বঙ্গবাজারে নতুন করে মার্কেট নির্মাণ করা হবে

বঙ্গবাজারে নতুন করে মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে নিজস্ব তহবিল হতেও আর্থিক অনুদান দেওয়া হবে। বুধবার নগর ভবনের মেয়র দপ্তরে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে শেখ তাপস এ কথা বলেন।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত অনুদান দেবেন উল্লেখ করে মেয়র বলেন, পাশাপাশি, আমরাও আমাদের সক্ষমতা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবো। সেজন্য আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি আপনারা তাদের সাথে সমন্বয় করে আগামী শনিবারের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করুন। আমরা আপনাদের পাশে আছি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে অনুদানের আওতায় আসে তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে শেখ তাপস বলেন, তালিকা প্রণয়নে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাইরে অন্য কারো নাম না আসে সেজন্য আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন। আমাদের কমিটিকে সহায়তা করুন। তালিকায় দোকানের প্রকৃত মালিক, মালিকের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন। আর দোকান যদি ভাড়া দেওয়া হয়ে থাকে তাহলে মালিকের পাশাপাশি ভাড়াটিয়ার নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন। তালিকা প্রস্তুত সাপেক্ষে আগামী রবিবারে আবারও ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে বলে মেয়র জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান মো. আবদুর রহমান, মহানগরী ইউনিটের সভাপতি মো. লোকমান খান, আদর্শ ইউনিটের সভাপতি মো. শাহ আলম, এনেক্সকো ইন্টা. এর চেয়ারম্যান শেখ মো. শাকিল, বঙ্গবাজার ইউনিটের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box