বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও তার নামে একটি পার্ক করা হয়েছে। সোমবার গুলশান নগর ভবনে হলরুমে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে এক অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।
মেয়রের উদ্যোগে সাড়া দিয়ে ডিএনসিসির মাধ্যমে রাজধানীর উত্তরা কল্যাণ সমিতি এবং হাটি হাটি খাই খাই নামে দুটি সামাজিক সংগঠনও সহায়তা করেন। তুরস্কের জন্য মানবিক সহায়তা হিসেবে বড়দের জন্য ৩৩০০পিস জ্যাকেট, শিশুদের জন্য ৩১০০ পিস জ্যাকেট, ০৭ হাজার পিস সোয়েটার, ০১ হাজার রুম হিটার, ০৭ হাজার কম্বল ও ০৬ কার্টুন বাচ্চাদের পোশাক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তুরস্কের পক্ষে এসব পণ্য গ্রহণ করেন টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) প্রতিনিধি। অনুষ্ঠান শেষে ১৩টি ট্রাকে এসব পণ্য বুঝিয়ে দেন মেয়র আতিকুল ইসলাম।
তুরস্কের বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকে আমরা সেখানকার মানুষকে জ্যাকেট, কম্বল, রুম হিটার, সোয়েটারসহ এখনকার জন্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রী পাঠাচ্ছি উল্লেখ করে মেয়র আরো বলেন, তীব্র শীতে সেখানে শীতের পোশাক খুব প্রয়োজন।
এই কঠিন সময়ে তুরস্কের মানুষের জন্য আমরা ডিএনসিসি থেকে মানবিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি। এসময় টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) সহকারী পরিচালক আহম্মেদ ফারুক মোস্তাকঅলু বিপদের সময়ে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলমসহ বিভাগীয় প্রধান ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
















