জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন স্থানীয় সময় বিকাল ৫টায়, বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়।

মাহ্দী আমিন বলেন, এর আগে প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতি ধারণ করে বাংলা ভাষায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন।

এদিন সরকারপ্রধান এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্যও দেবেন।

Facebook Comments Box