সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবির মহাপরিচালক

ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার দুই সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় ফেনীর পরশুরামের বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট, পরে মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি এবং বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত করতে দেওয়া হবে না। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান বন্ধ করা এবং অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত প্রতিরোধ করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয়দের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় কারও সন্দেহজনক চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হবে।

পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং ফেনী ব্যাটালিয়নের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box