দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নিজের গানে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা জেমস। এই নন্দিত তারকার গানগুলো নিয়ে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে তার সংগীতের নানা তথ্য সংরক্ষণ করা হবে।
জানা গেছে, ‘জেমস ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠান থেকে পরিচালিত হবে তার সংগীত সংরক্ষণ ও নানা সামাজিক কার্যক্রম। নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে। এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে, কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ধীরে ধীরে নিজের স্বতন্ত্র গায়কী ও সংগীতশৈলীতে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সময়ের সঙ্গে হয়ে ওঠেন দেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় তারকা। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়েও মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনা আগের মতোই দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখে। জীবনের শেষ দিন পর্যন্ত গানকেই সঙ্গী করে রাখতে চান এই রক তারকা।
নিজের সংগীতজীবন প্রসঙ্গে জেমস বলেন, কোনো প্রাপ্তির প্রত্যাশা থেকে কখনো গান করি নি। ভালোবাসা, আবেগ আর নিজের ভেতরের তাগিদ থেকেই সংগীতচর্চা করেছেন। নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও তার পরামর্শ, কোনো অর্জন বা সাফল্যের হিসাব-নিকাশ নিয়ে নয়, বরং সংগীতের প্রতি ভালোবাসা থেকেই এই জগতে আসা উচিত।
এদিকে, দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে জেমসের। দীর্ঘদিন নতুন অ্যালবাম প্রকাশ না করায় ভক্তদের মধ্যে নতুন গানের অপেক্ষাও বাড়ছে।
















