ইলিয়াস কাঞ্চন কেমন আছেন, জানালেন রোজিনা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিয়েছেন তিনি। এবার তার শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন চিত্রনায়িকা রোজিনা।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এই অভিনেত্রী। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন রোজিনা। সেখানে তিনি লিখেছেন, ‘আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস থেকেই অসুস্থ, তিনি চিকিৎসা করছেন লন্ডনে। কাঞ্চন আছেন তার মেয়ের বাসায়। আমি দেখতে গিয়েছিলাম।’

রোজিনা আরও লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।

Facebook Comments Box