মাদক কারবারে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না : এমপি নয়ন

আবু সিদ্দিক (ভোলা) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন,মাদক কারবারে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।নিজ দলের নেতা কর্মি হলেও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় নয়।
২৯ অক্টোবর শনিবার ভোলার চরফ্যাশন সদর রোডে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, গত ১৭ বছরে চরফ্যাশন মনপুরায় যারা মানুষ খুন করেছে, চাঁদাবাজি করেছে, নিরিহ মানুষকে পিটিয়েছে অপকর্ম করেছে তাঁদের ছাড় দেয়া হবেনা।
চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার নির্বাচনী এলাকায় সমাবেশের আয়োজন করে।
তিনি আরও বলেন মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে অনেককে কারাগারে যেতে হয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সব মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধ, পর্যটন খাতের উন্নয়নে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের মানুষের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে।
আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। এতে উপজেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
সমাবেশে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেয়।

Facebook Comments Box