সবারবাংলা প্রতিবেদক
রাজধানীর কোথাও পানির সমস্যা নেই বলে জানিয়েছেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেবা সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদনের তালিকায় প্রথম হয়েছে ঢাকা ওয়াসা। বার্ষিক কর্মসম্পাদনের ১০০ নম্বরের মধ্যে ঢাকা ওয়াসা নম্বর পেয়েছে ৯৮ দশমিক ২৭। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান ।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২০-২১ অর্থবছর) ঢাকা ওয়াসা সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি স্থানীয় সরকার বিভাগের ২০টি দপ্তর, সংস্থা, সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান লাভ করেছে উল্লেখ করে তাকসিম এ খান বলেন, ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণকসমূহ মূল্যায়নে ১০০ নম্বরের বিপরীতে ঢাকা ওয়াসা ৯৮.২৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। গত অর্থবছরে ঢাকা ওয়াসা তৃতীয় স্থান লাভ করেছিল এবং তার আগের বছর আমরা প্রথম হয়েছিলাম। এ মূল্যায়ন ঢাকা ওয়াসার সার্বিক কাজের অগ্রগতির একটি বড় সূচক।
রাজধানীর কোথাও পানির সমস্যা নেই জানিয়ে তাসকিম এ খান বলেন, তবে কিছু জায়গায় কারিগরি সমস্যা বা পকেট সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি।
তিনি আরো বলেন, ভূগর্ভস্থ পানি উত্তোলন না করে নদীর পানিকে পরিশোধন করে ব্যবহার উপযোগী করতে কাজ করছে ঢাকা ওয়াসা। বর্তমানে ৩৪ শতাংশ পানি আসছে নদী থেকে, যা ৭০ শতাংশে নিয়ে যেতে চায় ঢাকা ওয়াসা।
এমন তথ্য জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন পর্যন্ত ৩৪ শতাংশ ভূ-উপরস্থ পানি ও ৬৬ শতাংশ ভূগর্ভস্থ পানি দিচ্ছি। আমাদের দুটি প্রকল্প চলমান আছে। সেগুলো শেষ হলে আমাদের যে লক্ষ্য, ৭০ ভাগ ভূ-উপরস্থ পানি সরবরাহ করা। সে লক্ষ্য আমরা অর্জন করতে পারব। প্রকৌশলী তাকসিম এ খান আরো বলেন, পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমরা হাতে নিয়েছি। এটা অনেক বড় কাজ। ঢাকার শহরের পানি সরবরাহের পুরো পদ্ধতি পরিবর্তন করে ডিএমএ প্রকল্প হাতে নিয়েছি। বিশ্বের অনেক দেশ এত বড় কাজ হাতে নিতে চায়নি। আমরা বেশ খানিকটা নাগরিক সমস্যা সমাধান করছি। ১৪৪টি ডিএমএ নেটওয়ার্কে মধ্যে ৭১টি ডিএমএ প্রস্তুত করতে পেরেছি। এই নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে চলবে। এর মাধ্যমে ঢাকা শহরের পানি সরবরাহের সমস্যা অনেকাংশে সহজতর হবে। এসময় ওয়াসার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবারবাংলা/এসআই
















