অর্থনৈতিক রিপোর্টার :
বৈরী আবহাওয়ার প্রভাব কাটতে শুরু করায় কিছুটা কমেছে কাঁচা মরিচ ও সবজির দাম। তবে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগিসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে ফেরেনি স্বস্তি । শুক্রবার রাজধানীর শ্যামবাজার, রায়সাহেব বাজার ও কাপ্তান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৮০ থেকে ২০০ টাকায় নেমে এসেছে। অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে।
এছাড়া, প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, শশা ৪০ টাকা, মুলা ৩০ টাকা, সিম ২০০ টাকা, টমেটো ১০০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, আদা ও রসুন ১৩০ টাকা, ভালো মানের হলুদের গুঁড়া ৪০০ টাকা, জিরার গুঁড়া ৭০০ টাকা, মরিচের গুঁড়া ৪০০ টাকা এবং ভারতীয় শুকনা মরিচ ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার শ্যামবাজারের সবজি বিক্রেতা সুমন বলেন, গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম কিছুটা কমেছে। বৃষ্টি না হলে বাজারে সরবরাহ বাড়ে, ফলে দামও কমে আসে। দাম ক্রেতার নাগালের মধ্যে থাকলে আমাদের বিক্রিও বাড়ে।
সিবলু নামে এক ক্রেতা বলেন, বৃষ্টি হলেই সবজির দাম বেড়ে যায়। আজ কাঁচা মরিচ গত সপ্তাহের তুলনায় কম দামে কিনেছি। অন্যান্য সবজিও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমে পাওয়া যাচ্ছে।
হাসান নামে আরেক ক্রেতা বলেন, খবরে দেখলাম ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে। কিন্তু বাজারে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। বাজারে কার্যকর তদারকি না থাকলে ভোগান্তি আরও বাড়বে। তবে আজকে মুরগীর বাজার অনেকটা চড়া। দেশি ও সোনালী মুরগির দাম বেশি।
এদিকে, দেশি মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৪৫০ টাকা, সোনালি মুরগি ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস হাজার টাকা উপরে দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৫৫ টাকা।
















