চট্টগ্রামের মীরসরাইয়ে রোববার রাতে সাবেক এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. জাফর উল্লাহ ভূঁইয়া।
তিনি ফেনী সদরের লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জাফর উল্লাহ ওই ইউনিয়নের নারায়ণপুর কসকা বাজার এলাকার মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে। তিনি মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেই বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
জাফর উল্লাহর ভাই মো. এনামুল হক বলেন, আমার ভাইয়ের পরিবারের সদস্যরা এলাকায় থাকে। ২ বছর ধরে আমার ভাই ব্যবসায়িক কাজে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ২ দিন খোঁজ না পেয়ে রোববার রাতে ভাইয়ের বাসায় এসে দেখি দরজা বন্ধ। পরে পুলিশ এসে দরজা খুলে আমার ভাইয়ের লাশ উদ্ধার করে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে জাফর উল্লাহ হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
















