বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এ সরকার বাজারে সিন্ডিকেট করা গুটিকয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না, সেটি যে নিরিখেই হোক। মঙ্গলবার সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে খাদ্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়বে না। তারপরও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তার জন্য সরকারের অনেক সামাজিক কর্মসূচি আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাক সেল করা হয়। এ ছাড়াও ফ্যামিলি কার্ড আছে, সেটির আস্তে আস্তে বিস্তার হবে।
তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়ার ফলে মূল্যস্ফীতি ঘটলেও সেটার অভিঘাত প্রান্তিক জনগোষ্ঠী যেন অনুভব না করে, সেজন্য প্রয়োজনে যথাযথ হস্তক্ষেপ করতে পিছপা হবে না সরকার।
মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজার তদারকি জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে তদারকি আরও বাড়ানো হবে। পাশাপাশি জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
আমদানি পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে। খোলা সয়াবিন নির্ধারিত মূল্য থেকে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়টি সরকার নজরে রেখেছে এবং যথাযথ পদক্ষেপ নেবে।















