দুলারহাট (ভোলা) প্রতিনিধি:
Last Updated on: April 5, 2025ভোলায় পূর্বের বিরোধের সমঝোতার সালিশে না আসায় বাড়িতে গিয়ে মো: মাসুদ (৩৫) নামে এক যুবককে রড ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
নিহত মাসুদ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির খালেকের ছেলে। শুক্রবার (৪এপ্রিল) দুপুরের দিকে ওই বাড়িতে এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবরের সদস্যরা জানান, গত বুধবার রাতে আবু বকরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ও নিহত মাসুদ এবং তার ভাইদের সাথে মারিমারি হয়। এনিয়ে আজ শুক্রবার সকালে তাদের মধ্যে সমঝোতার সালিশ বসার কথা থাকলেও মাসুদ ও তার পরিবার সেখানে না যাওয়ায় ক্ষিপ্ত হন আল আমিনরা। পরে আজ দুপুরের দিকে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মাসুদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তারা রড ও লাঠি-সোটা দিয়ে মাসুদ ও তার ভাইদেরসহ পরিবারের সদস্যদের মারধর করেন। পরে স্থানীয়দের সযোগীতায় মাসুদসহ তার আহত ভাইদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুরো বিষয়টি তদন্ত চলছে। আসামীদের আটক চেষ্টা করছেন তারা।
















