ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। তারপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এই সিরিজে দল কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলা ওয়ানডে দল থেকে পরিবর্তন আসছে। আসন্ন সিরিজে একাধিক পরিবর্তনের কথা জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আগের ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম না করায় বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। এছাড়া বোলিং অ্যাকশনে সমস্যার কারণে দলে থাকছেন না আলিস আল ইসলাম।
যে কারণে নতুন করে আবারও সুযোগ পেতে যাচ্ছেন জাকের আলি অনিক, ইয়াসির রাব্বিরা। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন অধিনায়ক লিটন দাস। কন্ডিশন বিবেচনায় নির্বাচকদের ভাবনাতে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। হাসান মাহমুদ না থাকায় খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের মধ্যে যে কোনো একজন থাকবেন দলে।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।
















