নরসিংদীর মাধবদীতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে তার মৃতদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে মাধবদীর কুঁড়েরপার জামিয়া ক্বাওমিয়া মাদ্রাসার গোসলখানা থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মাদ্রাসার ৪ তলায় গোসলখানায় ঝুলিয়ে রাখা হয়। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে মেধাবী ছাত্রী ছিল, কোনোভাবেই আতহত্মা করতে পারে না। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। তবে কারা কী কারণে তার মেয়েকে হত্যা করেছে তা তিনি বলতে পারেননি।
এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। মাধবদী থানার ওসি রকিবুজ্জামান সাংবাদিকদের বলেন, এ হত্যার ঘটনায় তদন্ত চলছে। কিভাবে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।














