অবৈধভাবে পোস্টার, ব্যানার লাগালে ব্যবস্থা

অবৈধভাবে পোস্টার, ব্যানার লাগালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করে দেয়া হবে। এর বাহিরে পোস্টার লাগানো যাবে না। শনিবার ডিএনসিসির নগর ভবনে ২য় পরিষদের ১৯তম কর্পোরেশন সভায় মেয়র এসব কথা বলেন।

ঢাকা শহরে যত্রতত্র অবৈধভাবে পোস্টার, রেক্সিন, দেওয়ালে লেখা, নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার এসব লাগানোর ফলে নগরীর সৌন্দর্য ব্যহত হচ্ছে উল্লেখ করে মেয়র আরো বলেন, ঢাকা নগরী অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। ঢাকা শহরের সৌন্দর্য রক্ষায় এবং একটি স্মার্ট সিটি গড়ে তুলতে হলে এসব বন্ধ করতে হবে। অবৈধভাবে পোস্টার, ব্যানার লাগালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পোস্টার লাগাতে পারবে না।

যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে আইন রয়েছে জানিয়ে মেয়র বলেন, আমরা ডিএনসিসি থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েও জনগণকে সাবধান করেছি। তারপরও অবৈধভাবে পোস্টার লাগিয়ে শহর নোংরা করা হচ্ছে। এটি আর হতে দেয়া যাবে না। আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। অবৈধ পোস্টার ব্যনার লাগালে কোন ছাড় নয়।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির সকল কাউন্সিলরবৃন্দ।

Facebook Comments Box