প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পূরণে সকল পরিছন্নতাকর্মীকে বাসা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমাদের সকল পরিচ্ছন্নকর্মী, গাড়িচালকসহ অন্যান্য কর্মীদের জন্য এমনকি আমাদের কর্মকর্তাদের জন্যও আমরা বাসস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। মঙ্গলবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে নবনির্মিত সূত্রাপুরস্থ পরিচ্ছন্নকর্মী নিবাস ‘আশালতা’ এ বাসা বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠান’ এ শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন কেউ আর গৃহহীন থাকবে না। বাংলাদেশের সকল নাগরিকের গৃহ থাকবে, বাসস্থান থাকবে। এরই ধারাবাহিকতায় আমরা ১৩৮ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে বাসা বরাদ্দ দিচ্ছি। বিগত ৩ বছরে আজ অবধি আমরা ৫২৫ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে বাসা বরাদ্দ দিয়েছি। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অঙ্গীকার পূরণে ক্রমান্বয়ে আমরা সকল পরিচ্ছন্নকর্মীদের বাসা বরাদ্দ দিতে পারব।
পরিচ্ছন্নকর্মীসহ করপোরেশনে কর্মরত সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা আশা করি, সকলের জন্য যাতে আরও বাসস্থান নির্মাণ করতে, সবাইকে যেন বাসা বরাদ্দ দিতে পারি সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আরও প্রকল্প দেবেন।
বাসা বরাদ্দে অনিয়মে জড়িত সকল চক্র ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে শেখ তাপস বলেন, আগে এই বাসা বরাদ্দে বিভিন্ন চক্র, বিভিন্নভাবে আমাদের পরিচ্ছন্নকর্মীদের নির্যাতন করতো, অত্যাচারে নিষ্পেষিত করতো। আমরা সেই চক্র ভেঙ্গে দিয়েছি। এখন নীতিমালা অনুযায়ী যারা প্রাপ্য, যাদের অধিকার আছে, যাদের বরাদ্দ পাওয়ার যোগ্যতা রয়েছে, স্বচ্ছতার মাধ্যমে আমরা তাদেরকে বাসা বরাদ্দ দিচ্ছি। তাদের হাতে আমি নিজেই স্বশরীরে চাবি হস্তান্তর করছি। ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় আগামী ডিসেম্বরের আগেই আরও ৭৯৯ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে ৭৯৯টি বাসা বরাদ্দ দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসিমা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-২ এর সুয়ে মেন জো, অঞ্চল-৪ এর মো. আতাহার মিয়া, অঞ্চল-৫ এর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ও অঞ্চল-১০ এর মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
















