ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, আমরা ১৮টি পার্ক ও ৪টি খেলার মাঠ নির্মাণ করেছি। এই মাঠ ও পার্কগুলো মেইনটেইন করতে হবে। সিটি কর্পোরেশন মাঠ নির্মাণ করে দিলেও এটি কিন্তু এলাকার জনগণই ব্যবহার করবে। তাই মাঠের যেন কোন ক্ষতি না হয় সে বিষয় এলাকাসীকে সচেতন হতে হবে। আমি এলাকাবাসীকে আহবান করছি উন্নয়নকৃত মাঠ-পার্ক আপনারা দেখে রাখবেন, রক্ষা করবেন। মঙ্গলবার রাজধানীর মধুবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং প্রকল্প পরিচালক তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অবৈধ দখলমুক্ত করে আধুনিক সুবিধা সম্বলিত মাঠ ও পার্ক নির্মাণ করেছি জানিয়ে মেয়র আরো বলেন, খেলাধুলার সুযোগ মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করবে। একটা শ্রেণি চেয়েছিল বনানী পার্কটিতে গাড়ির পার্কিং সেন্টার করবে। বড়লোকদের গাড়ি পার্কিং করবে সেখানে। কিন্তু আমি সেটি হতে না দিয়ে জনগণের জন্য উন্মুক্ত পার্ক নির্মাণ করে দিয়েছি। টেন্ডারের মাধ্যমে মাঠ ও পার্কগুলো মেইনটেইন করার জন্য দায়িত্ব দিব। তাহলে এর সঠিক ব্যবস্থাপনা হবে।
মধুবাগ এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, একসময় এই মধুবাগে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যেতো। মধুবাগে এখন আর জলাবদ্ধতা হয় না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে এখন অল্প সময়ের মধ্যেই পানি নেমে যায়।
শহরকে ভালোবাসতে হবে উল্লেখ করে মেয়র আরো বলেন, শহর নোংরা করা যাবে না। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। ড্রেনে খালে সবাই ময়লা ফেলে দিচ্ছি। সিটি কর্পোরেশন থেকে ড্রেনের এবং খালের ময়লার প্রদর্শনী করবো।
পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সারফেস ড্রেনে দিয়ে খাল দূষণ করা হচ্ছে। গুলশান বারিধারার জমি অনেক দাম। একটি ফ্লাটের দাম প্রায় ৫০ কোটি টাকা অথচ অল্প টাকা খরচ করে বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা রাখে নাই। আমাদের টিম পরিদর্শন শুরু করেছে। পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে পেলে ব্যবস্থা নেয়া হবে। মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘সেদিন দেখলাম বিএনপির তারেক রহমান নতুন একটি হ্যাশ ট্যাগ দিয়েছেন। সেটির নাম হচ্ছে টেকব্যাক বাংলাদেশ। এর মানেটা কি? বাংলাদেশকে আরও পেছনে নিয়ে যাওয়া। আবার বোমাবাজি, খাম্বা, হিন্দুদের ঘরে ঘরে গিয়ে লুণ্ঠন করা। তারা জঙ্গিবাদ চায়, তারা উন্নয়ন চায় না। আমরা উন্নয়ন চাই। বাংলাদেশের মানুষ আর পিছনে ফিরে যেতে চায় না। বাংলাদেশের জনগণ উন্নয়নের ধারাবাহিকতা চায়। বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
















