দিনের বেলায় ঢাকায় দুই বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয় বলে আমাদের কাছে খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট সেখানে যায় এবং বাসটির আগুন নির্বাপণ করে।

সোমবার সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে ১৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে, রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Facebook Comments Box