দেশের মানুষের নিরাপত্তা দেওয়া কী পুলিশের অপরাধ?

পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কী আমাদের অপরাধ? নিহত পুলিশ সদস্যরা তো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। অথচ দুষ্কৃতকারীরা নির্মমভাবে তাদের হত্যা করেছে। পুলিশ হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা তুলে ধরে আইজিপি বলেন, তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছ। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর। এসব দুষ্কৃতকারী যেখানেই থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সম্প্রতি দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় নির্মমভাবে নিহত শহীদ তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন তিনি।

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনও প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন।

আইজিপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে সবাই গর্বের সঙ্গে বসবাস করবেন।

আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন।

শহীদ তিন পুলিশ সদস্য হলেন- পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

আইজিপি নিহত আনসার সদস্যের পরিবারকেও আর্থিক অনুদান দিয়েছেন বলে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box