সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্খার জয় হয়েছে। শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন যা তার দেওয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।
দেরিতে হলেও এই পদত্যাগ অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে তার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।
পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জামায়াতে ইসলামী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না। নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।
















