জনতাবাজার শহীদ জিয়াউর রহমান কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনের জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অধ্যক্ষ মো. ইউনুস শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে উচ্চারণ করেছে। এই চেতনা কেবল একটি ঐতিহাসিক স্মৃতির বিষয় নয়; বরং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অনুপ্রেরণা।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ছালাউদ্দিন সুমন, সহকারি অধ্যাপক নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক বরকত উল্লাহ, সহকারী অধ্যাপক কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডা. অলিউল্লাহ সিকদার।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নাজমুন নাহার রত্না, আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা, মো. আলি রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ ইউনুস শরীফ পুরস্কার তুলে দেন ।

Facebook Comments Box