জুলাই জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির উদ্বোধন করেন। আগামীকাল (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক (স্লট) অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, অতিরিক্ত ভিড় এড়ানো এবং দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতেই অনলাইন টিকিট ও সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

যেভাবে প্রবেশ করবেন

প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

জাদুঘরে প্রবেশের আগে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সময়ভিত্তিক (স্লট) এই লিংকে বুকিং করতে হবে।

যে সময়ের জন্য বুকিং অনুমোদিত হবে, শুধুমাত্র সেই সময়েই প্রবেশ করা যাবে।

কোনো নির্দিষ্ট দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে দর্শনার্থীদের পরবর্তী দিনের খালি থাকা সময় নির্বাচন করতে হবে।

উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

বিগত দেড় দশকের বিভিন্ন আলোচিত ঘটনা, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম-নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য ও প্রতীকী কবর-সব মিলিয়ে ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে উঠেছে ‘জুলাই জাদুঘর’।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, দীর্ঘ সময়ের গুম-নির্যাতনের বিভিন্ন তথ্যচিত্র ও ঐতিহাসিক দলিল। দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা চিঠিও।

এ ছাড়া উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের প্রতীকী কবর। ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে আন্দোলনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত। এর মধ্যে রিকশাচালকের সালাম জানানো এবং শহীদ মুগ্ধের পানি বিতরণের দৃশ্য বিশেষভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box